বরাকে প্রথমবার, মাদুরগ্রামে স্থাপিত হচ্ছে ‘নুপি লান’-এর ২২ ফুট উচ্চতার মূর্তি

এখনই শেয়ার করুন:

আজকের বরাক, শিলচর, ২২ অক্টোবর: মণিপুরি নারীদের ঐতিহাসিক প্রতিবাদী আন্দোলন ‘নুপি লান’-এর গৌরবোজ্জ্বল ইতিহাসকে বরাক উপত্যকায় স্মরণীয় করে রাখতে কাছাড় জেলার মাদুরগ্রামে স্থাপিত হতে চলেছে ২২ ফুট উচ্চতার একটি পূর্ণাঙ্গ মূর্তি। বৃহস্পতিবার শিলচর–হাফলং জাতীয় সড়কের পাশে নির্ধারিত স্থানে মূর্তিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা।

অল অসম মণিপুরি মৈরা পাইবি অপুনবা লুপ ও অল অসম মণিপুরি স্টুডেন্টস ইউনিয়নের যৌথ উদ্যোগে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মণিপুরি নারীদের সাহস, আত্মত্যাগ ও সংগ্রামী চেতনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি তাঁদের ঐতিহাসিক ভূমিকার স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।

সংগঠনের কার্যালয়ের সামনে নির্মিত হতে চলা মূর্তিটি আগামী ১২ ডিসেম্বর উন্মোচনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম ও শহরে অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মূর্তি স্থাপন কমিটির আহ্বায়ক শ্যামকুমার সিংহ। প্রকল্পটি বাস্তবায়নে বরাক উপত্যকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

অনুষ্ঠানে বিধায়ক রাজদীপ গোয়ালা মূর্তি নির্মাণের জন্য এক লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন। পাশাপাশি, আগামী দিনে সংগঠনের একটি প্রেক্ষাগৃহ নির্মাণেও সহযোগিতার আশ্বাস দেন তিনি। অন্যদিকে, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নন্দবাবু সিংহ বলেন, ‘নুপি লান’-এর ইতিহাসকে শুধু মণিপুরের ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেও এই আন্দোলনের তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।

উল্লেখ্য, ‘নুপি লান’ শব্দের অর্থ ‘নারীদের যুদ্ধ’। ব্রিটিশ শাসনামলে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে মণিপুরের নারীরা যে ঐতিহাসিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন, ‘নুপি লান’ তারই স্মারক। এই আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি স্মরণে প্রতি বছর ১২ ডিসেম্বর ‘নুপি লান দিবস’ পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরি ভাষা উপদেষ্টা পরিষদ ও সাহিত্য অকাদেমির সদস্য ড. কে এন চাঁদ, অবসরপ্রাপ্ত সেচ সচিব আর কে গোপাল সানা, অল অসম মণিপুরি মৈরা পাইবি অপুনবা লুপের সভানেত্রী বেনী মিশ্র, অল অসম মণিপুরি স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি সুভজিৎ সিংহ, মূর্তি স্থাপন কমিটির অধ্যক্ষ প্রভাবতী শর্মা এবং আহ্বায়ক শ্যামকুমার সিংহ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিতন সিংহ।

আরও পড়ুন