আবারও ভিনরাজ্যে অসমের এক মহিলার মৃত্যু তামিলনাড়ুতে রহস্যজনক পরিস্থিতিতে উদ্ধার কাটিগড়ার গৃহবধূর মৃতদেহ, তদন্ত অব্যাহত

এখনই শেয়ার করুন:

 

আজকের বরাক, কাটিগড়া, ২৩ অক্টোবর : আবারও ভিনরাজ্যে অসমের এক মহিলার মৃত্যু। তামিলনাড়ুর কাড্ডালোর জেলার পানরুটি এলাকার একটি ভাড়া বাড়ির বাথরুম থেকে অসমের কাছাড় জেলার কাটিগড়ার এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত মহিলার নাম রমলা বেগম। তিনি কাটিগড়া তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রমলা বেগম তাঁর স্বামী মাজিদ আহমেদের সঙ্গে তামিলনাড়ুতে বসবাস করতেন। ঘটনার দিন তাঁর স্বামী কর্মস্থলে যাওয়ার পর তাঁর বড় ভাসুর সাইদ আহমেদ ভাড়া বাড়িতে এসে বাথরুমে রমলা বেগমের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠায়। এদিকে, পরিবারের আর্থিক দুরবস্থার কারণে মৃতদেহটি নিজের বাড়িতে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিশেষ উদ্যোগে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের মাধ্যমে মৃতদেহটি বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এই সহায়তার জন্য পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রমলা বেগমের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যার ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা পুলিশের তদন্তের পরই স্পষ্ট হবে।

আরও পড়ুন