আজকের বরাক, কাটিগড়া, ২২ অক্টোবর: কাছাড় জেলার বিহাড়া চতুর্থ খণ্ডের জলাগ্রামে গোমাংস বহন করার সন্দেহকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, একটি ব্যাগে মাংস নিয়ে যাওয়ার সময় ১৫ বছর বয়সি এক নাবালককে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ একটি ব্যাগ থেকে রক্ত বের হতে দেখে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। এরপর ব্যাগটি পরীক্ষা করে তাতে গোমাংস রয়েছে বলে দাবি করেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বহু মানুষের সমাগম হয়।
অন্যদিকে, স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বিহাড়া চতুর্থ খণ্ডের বাগমারা গ্রামের বাসিন্দা ছাইবুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে গোমাংস কেটে বিক্রি করার অভিযোগ রয়েছে। অভিযোগ, বিহাড়া তৃতীয় খণ্ডের বাসিন্দা জসিম উদ্দিনের ১৫ বছর বয়সি ছেলে ওই ব্যাগটি নিয়ে যাচ্ছিল। তবে এই অভিযোগগুলির সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ঘটনার খবর পেয়ে বিহাড়া বাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাংস-সহ নাবালকটিকে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে মাংসের প্রকৃত পরিচয় এবং এর সঙ্গে জড়িত অভিযোগগুলির বিষয়ে পুলিশের তদন্তের পরই স্পষ্ট তথ্য সামনে আসবে।









