আজকের বরাক, উদারবন্দ, ২৩ অক্টোবর: গলার ক্যানসারে আক্রান্ত হয়ে গত তিন-চার মাস ধরে বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছেন কাছাড় জেলার উদারবন্দের চৈলতাকান্দির দুর্গানগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা দিনমজুর বাবুল হুসেন বড়ভূঁইয়া (৪০)। পরিবারের আর্থিক দুরবস্থার কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই স্বামীর চিকিৎসার জন্য এলাকাবাসী ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রী মিনারা বেগম বড়ভূঁইয়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দুই-তিন মাস ধরে শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাবুলকে শিলচরের অসম ক্যানসার কেয়ার ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে গুয়াহাটির কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আর্থিক সংকটের কারণে পরিবারটি তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না। বর্তমানে খাওয়া-দাওয়া করতেও অসুবিধার সম্মুখীন হয়ে বিছানায় শয্যাশায়ী রয়েছেন তিনি। তিন মেয়ে ও এক ছেলের বাবা বাবুলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর অসুস্থতার কারণে পরিবারটি গভীর আর্থিক সংকটের মধ্যে পড়েছে। এমন পরিস্থিতিতে স্বামীর চিকিৎসার জন্য সাহায্য চেয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে সকলের কাছে আবেদন জানিয়েছেন মিনারা বেগম।
বাবুল হুসেনের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করতে ইচ্ছুক সহৃদয় ব্যক্তিরা নিচে উল্লেখ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ জমা দিতে পারবেন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ:
অ্যাকাউন্ট নম্বর: 0848201700016706
IFSC কোড: PUNB0084820
যোগাযোগের নম্বর: 7086352877

এই সংকটের সময়ে সহৃদয় ব্যক্তিদের সামান্য সাহায্যও বাবুল হুসেনের উন্নত চিকিৎসার পথ সুগম করবে বলে আশা প্রকাশ করেছে তাঁর পরিবার।








