দু’দিনের সফরে শিলচরে সরসঙ্ঘচালক মোহন ভাগবত, কাল সাংগঠনিক বৈঠক

এখনই শেয়ার করুন:

 

আজকের বরাক, শিলচর, ১৬ নভেম্বর: দু’দিনের বরাক উপত্যকা সফরে সোমবার শিলচরে এসে পৌঁছালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত। তাঁর আগমনকে কেন্দ্র করে সংঘের দক্ষিণ আসাম প্রান্তের কার্যকর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

সোমবার দুপুরে শিলচরের কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণের পর তাঁকে এসকর্টের মাধ্যমে সরাসরি শিলচরের অম্বিকাপট্টিতে অবস্থিত সংঘের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত কার্যকর্তারা তাঁকে স্বাগত জানান।

সংঘের কেন্দ্রীয় যোজনা অনুযায়ী নিয়মিত প্রবাস কর্মসূচির অংশ হিসেবেই সরসঙ্ঘচালকের এই শিলচর সফর বলে জানিয়েছেন দক্ষিণ আসাম প্রান্তের প্রচার প্রমুখ।

সফরের দ্বিতীয় দিন, মঙ্গলবার (১৭ নভেম্বর), ড. ভাগবতের একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে। এদিন সংঘের বিভিন্ন স্তরের কার্যকর্তাদের সঙ্গে তিনি সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি বিকেলে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত খণ্ড স্তরের বৈঠকেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। সরসঙ্ঘচালকের এই দু’দিনের সফরকে ঘিরে সংঘের সাংগঠনিক মহলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন