শিলচরে সরলা বিড়লা বিদ্যালয়ে কৌশল মেলা ও দীপাবলি মিলন উৎসব

এখনই শেয়ার করুন:

শিলচর, পি এন সি, ৭ নভেম্বর: শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যে শিলচরে অনুষ্ঠিত হল কৌশল মেলা ও দীপাবলি মিলন উৎসব। শনিবার মেহেরপুরের সরলা বিড়লা জ্ঞান জ্যোতি উচ্চতর মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

মেলায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী ও বাহারি খাদ্যপণ্য প্রদর্শন করে। তাদের সৃজনশীল কাজ ও উদ্যোগ মেলায় বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। বিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে স্থানীয় বাংলা মাধ্যমের বিদ্যালয় শকুন্তলা পাঠশালার শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আঞ্চলিক সংবাদ সংস্থা পিএনসি-র চেয়ারম্যান ড. হারাণ দে এবং বিদ্যালয়ের অধ্যক্ষা অর্পণা ফিলিপস।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. হারাণ দে এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এধরনের মেলা শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের সৃজনশীল কাজে আরও উৎসাহিত করবে।

অন্যদিকে, মেলার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে অধ্যক্ষা অর্পণা ফিলিপস জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও কর্মদক্ষতা বিকাশের সুযোগ করে দিতেই বিদ্যালয়ে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি নিজেদের প্রতিভা ও ব্যবহারিক দক্ষতা তুলে ধরার সুযোগ পায় পড়ুয়ারা।

আরও পড়ুন