কাছাড় জেলা প্রশাসন এবং তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে শিলচরে আলোচনা সভা

এখনই শেয়ার করুন:

জনপ্রিয়তার প্রতিযোগিতা নয়, সাংবাদিকতার মূল ভিত্তি হোক সত্যনিষ্ঠা ও দায়বদ্ধতা

আজকের বরাক, শিলচর, ১৬ নভেম্বর: সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, জনপ্রিয়তার চেয়ে বিশ্বাসযোগ্যতাকে অগ্রাধিকার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক মাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের আহ্বানের মধ্য দিয়ে সোমবার শিলচরেও পালিত হলো জাতীয় প্রেস দিবস ২০২৬।

কাছাড় জেলা প্রশাসন এবং তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে শিলচর জেলা আয়ুক্তের কার্যালয়ের নিউ কনফারেন্স হলে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। ডিডিসি তথা ভারপ্রাপ্ত জেলা কমিশনার রাজীব রায়ের সভাপতিত্বে এবারের আলোচনার বিষয় ছিল ‘সাংবাদিকতা : জনতুষ্টি নাকি দায়িত্বশীলতা’।

 

আলোচনায় অংশ নেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপিকা ড. পারমিতা দাস, শ্রীভূমির আরএস গার্লস কলেজের সহকারী অধ্যাপক ড. হোসেন মহম্মদ বজলুন নূর এবং প্রবীণ সাংবাদিক উত্তম সাহা। এছাড়াও বক্তব্য রাখেন বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে, অভিজিৎ ভট্টাচার্য, সৌমিত্র চৌধুরী ও মৃত্যুঞ্জয় দাস।

বক্তারা বলেন, জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতায় সাংবাদিকতার নৈতিকতা, নিরপেক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা বিসর্জন দেওয়া চলবে না। বিশেষ করে দ্রুত সংবাদ পরিবেশনের তাগিদে যাচাই না করা তথ্য প্রকাশের ফলে সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই ব্রেকিং নিউজের ক্ষেত্রেও তথ্যের সত্যতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের ভবিষ্যৎ নিরাপত্তা ও কল্যাণ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিয়েও গুরুত্ব আরোপ করেন তাঁরা।

সভাপতির ভাষণে রাজীব রায় সংবাদ সংগ্রহ ও পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের নিজেদের স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন অতিরিক্ত জেলা আয়ুক্ত জাগৃতি কালোয়ার এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেন তথ্য ও জনসংযোগ বিভাগের উপ-অধিকর্তা সাজ্জাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন