আজকের বরাক, শিলচর: মহালয়ার পুণ্যপ্রভাতে শিলচরের সদরঘাট এলাকায় এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল বজরং দল ও মধ্য কাছাড় জেলা বিদ্যার্থী মিলন সংস্থা। দেবীপক্ষের সূচনায় আয়োজিত এই কর্মসূচিতে পোস্টার, ব্যানার ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে ‘লাভ জিহাদ’ বলে অভিহিত বিষয়টি তুলে ধরে হিন্দু মেয়েদের সতর্ক ও সচেতন থাকার বার্তা দেন সংগঠনের কর্মকর্তারা।
কর্মসূচিতে বিভিন্ন অপরাধের ঘটনা এবং এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ার পর কয়েকজন তরুণীর মৃত্যুর ঘটনা বলে দাবি করা বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। এর মাধ্যমে তরুণীদের সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয়ের সময় সচেতন থাকা এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
সদরঘাট এলাকায় পোস্টার, ব্যানার ও ডেমোর মাধ্যমে বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরেন আয়োজকরা। তাঁদের বক্তব্য, কোনও সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা, জবরদস্তি কিংবা পরিচয় গোপন করে বিশ্বাস অর্জনের মতো ঘটনা এড়াতে তরুণীদের সচেতন হওয়া জরুরি। সেই উদ্দেশ্যেই দেবীপক্ষের সূচনায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তাঁরা।
উল্লেখ্য, ‘লাভ জিহাদ’ শব্দটি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আলোচনায় ব্যবহৃত হলেও এর মাধ্যমে উত্থাপিত অভিযোগগুলিকে নির্দিষ্ট ঘটনা ও প্রমাণের ভিত্তিতে বিচার করা জরুরি। শিলচরের সদরঘাটে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে নিজেদের বক্তব্য ও সতর্কবার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছে উদ্যোক্তারা।








