ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মবার্ষিকী পালন শিলচর জেলা কংগ্রেসের, সংবর্ধিত পুরসভার জয়ী দুই প্রার্থী

এখনই শেয়ার করুন:

আজকের বরাক, শিলচর, ১৯ নভেম্বর: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল শিলচর জেলা কংগ্রেস। বৃহস্পতিবার শিলচরের ইন্দিরা ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আয়োজিত সংবর্ধনা সভায় সম্প্রতি অনুষ্ঠিত শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সকল প্রার্থীকে সম্মাননা জানানো হয়। বিশেষভাবে সংবর্ধিত করা হয় নির্বাচনে জয়ী দুই প্রার্থী সাক্ষী বণিক ও রাজশ্রী গোয়ালাকে।

জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সভায় অসম প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি শরিফুজামান লস্কর ইন্দিরা গান্ধীর জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশ গঠনে তাঁর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। সংবর্ধিত দুই জয়ী প্রার্থীও নিজেদের নির্বাচনী অভিজ্ঞতা ও আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বণিক ও অভিজিৎ পাল, চিকিৎসক অমিত কালোয়ার-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সাধারণ মানুষের কল্যাণে এবং দলের সাংগঠনিক স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অরুণ দত্ত মজুমদার নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক প্রার্থীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বিজয়ী দুই প্রার্থীকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের দায়িত্ব পালনে তাঁদের সাফল্য কামনা করেন। দেশ ও সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন প্রতিকূলতার মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, এনএসইউআই জেলা সভাপতি সামসুল ইসলাম, জেলা কংগ্রেস সেবাদলের প্রধান আশিস আচার্য-সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সঞ্জীব রায়। আহ্বায়ক কমিটির সদস্যদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা কংগ্রেসের অন্যতম সহ-সভাপতি সিমান্ত ভট্টাচার্য।

আরও পড়ুন