আজকের বরাক, শিলচর, ১০ অক্টোবর : দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার বার্তা নিয়ে শনিবার মহালয়ার পুণ্যলগ্নে মানবিক উদ্যোগ গ্রহণ করল সহমর্মী এনজিও। প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও সংস্থার পক্ষ থেকে পালইরবন্দ চা বাগান-সহ শিলচর রেলস্টেশন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে মোট ৫০টি নতুন শাড়ি এবং ১০টি ধুতি বিতরণ করা হয়। উৎসবের প্রাক্কালে নতুন বস্ত্র হাতে পেয়ে উপকৃত হন বহু মানুষ। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মুখে উৎসবের হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

বস্ত্র বিতরণ কর্মসূচির পাশাপাশি এদিন অনাড়ম্বর পরিবেশে পালন করা হয় সহমর্মী এনজিওর প্রতিষ্ঠা দিবসও। সংস্থার সভাপতি, সম্পাদক-সহ অন্যান্য সদস্য-সদস্যারা গোটা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মহালয়ার আবহে উৎসবের আনন্দ ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সহমর্মী এনজিওর এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।









