নিষ্ঠা মিউজিক ইনিশিয়েটিভসের ‘দ্য ব্যাটল অফ বিটস’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

এখনই শেয়ার করুন:

জুনিয়র ও সিনিয়র – উভয় বিভাগেই সেরার শিরোপা বদরপুরের প্রতিযোগীদের

আজকের বরাক, শিলচর, ৭ নভেম্বর : বরাক ট্যালেন্ট কার্নিভাল, ২০২৬-এর সাফল্যের পর ফের এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজর কাড়ল নিষ্ঠা মিউজিক ইনিশিয়েটিভস (এনএমআই)। সংস্থার উদ্যোগে আয়োজিত নৃত্য প্রতিযোগিতা ‘দ্য ব্যাটল অফ বিটস’-এর গ্র্যান্ড ফিনালে গত ৪ নভেম্বর শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার জুনিয়র ও সিনিয়র – উভয় বিভাগেই প্রথম স্থান অধিকার করে বদরপুরের প্রতিযোগীরা।

গত ১১ এপ্রিল তিনসুকিয়া থেকে শুরু হয় এই নৃত্য প্রতিযোগিতার যাত্রা। পরবর্তী সময়ে তিনসুকিয়া, শিলচর, শ্রীভূমি, রামকৃষ্ণনগর ও বদরপুর-সহ বিভিন্ন স্থানে অডিশন পর্ব অনুষ্ঠিত হয়। ডিব্রুগড়, ডিগবয়, কাটিগড়া, হাফলং ও কালাইন-সহ বিভিন্ন এলাকার প্রতিভাবান প্রতিযোগীরা অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়ে সেমিফাইনালে অংশগ্রহণের সুযোগ পান। অডিশন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন সোমা চক্রবর্তী, পায়েল দাশগুপ্ত, শ্রাবণী ঘোষ ও মীনাক্ষী পাটোয়া।

এরপর ২ নভেম্বর শিলচরের গান্ধী ভবনে অনুষ্ঠিত সেমিফাইনাল থেকে ৫০ জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হন। সেমিফাইনালে বিচারকের আসনে ছিলেন নৃত্যগুরু পায়েল চক্রবর্তী কুরি ও হিপহপ নৃত্য বিশেষজ্ঞ অজয় কুমার রায়।

গ্র্যান্ড ফিনালের দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট সংগীত পরিচালক ও শিল্পী সুজয় ভট্টাচার্য। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন ফোক কুইন সর্বাণী ভট্টাচার্য, সংবাদ পাঠিকা ইন্দ্রাণী সেনগুপ্ত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কলকাতার কত্থক নৃত্যশিল্পী ও স্বর্ণপদকপ্রাপ্ত দিপর্ণা দাস।

৫০ জন প্রতিযোগীর মনোজ্ঞ নৃত্য পরিবেশনার ভিত্তিতে জুনিয়র ও সিনিয়র – দুই বিভাগে প্রথম চারজন করে বিজয়ী নির্বাচিত হন। জুনিয়র বিভাগে প্রথম স্থান অর্জন করেন বদরপুরের হৃতম জ্যোতি কাকতি। দ্বিতীয় হন শিলচরের আহোনা চক্রবর্তী, তৃতীয় তিনসুকিয়ার সাচি মাজুমদার এবং চতুর্থ স্থান অধিকার করেন তিনসুকিয়ার আরাধ্যা দাস।

অন্যদিকে, সিনিয়র বিভাগেও সেরার শিরোপা ছিনিয়ে নেন বদরপুরের কনক স্নেহা নাথ। দ্বিতীয় স্থান অর্জন করেন শ্রীভূমির বিপাশা দেব, তৃতীয় রামকৃষ্ণনগরের আয়ুষী গুপ্ত এবং চতুর্থ হন ডিগবয়ের শগুন বাল্মীকি। বিজয়ীদের হাতে শংসাপত্র, ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হর্ষিত সিংহ ও নিষ্ঠা চক্রবর্তী। শেষে নিষ্ঠা মিউজিক ইনিশিয়েটিভসের কর্ণধার নয়ন চক্রবর্তী ও নবরূপা পাল চক্রবর্তী উপস্থিত অতিথি, বিচারক, প্রতিযোগী এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধ্রুবজ্যোতি চৌধুরীর সমন্বয়ে এবং অদ্রিজা ভাওয়াল, কবিতা বাসফর, দিশা মালি, পায়েল ভৌমিক, স্নেহা আচার্য্য, অভিলাষা দে, অঙ্কিত নাথ, আয়ুষ নাথ, ঈশানী ভৌমিক, দেবায়ন চৌধুরী, শর্মিষ্ঠা মজুমদার, নিকিতা দেবরায় ও রোহিত দাস-সহ সংস্থার অন্যান্য সদস্য ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুন