আজকের বরাক, আলগাপুর, ২৯ অক্টোবর : এলাকার সামাজিক পরিবেশ রক্ষা, পরিবারের সুরক্ষা এবং সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার দাবিতে মদের দোকান স্থানান্তরের আন্দোলনে সরব হলেন মোহনপুরের মহিলারা।
বুধবার বিকেলে মোহনপুর পয়েন্ট থেকে মদের দোকান বন্ধ ও অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে প্রতিবাদ মিছিল ও পথ সভার আয়োজন করেন তাঁরা। পাশাপাশি, সংলগ্ন চা-বাগান এলাকায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ তুলে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন আন্দোলনকারীরা।
প্রতিবাদ কর্মসূচি চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হন আলগাপুরের সার্কল অফিসার। আন্দোলনকারী মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ ও দাবির বিষয় গুলি শুনেন তিনি। পরে মহিলাদের পক্ষ থেকে পেশ করা হয় একটি স্মারকলিপি।
চা-বাগান এলাকায় অবৈধ মদ বিক্রির অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন সার্কল অফিসার। একই সঙ্গে মোহনপুরের মদের দোকানটি স্থানান্তরের বিষয়েও প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়। এরপর শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। তবে আন্দোলন ঘিরে বিতর্কের রেশ কাটেনি। প্রতিবাদে নেতৃত্ব দেওয়া কয়েকজন মহিলার বিরুদ্ধে দোকান মালিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করেছেন বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, সামাজিক স্বার্থে আন্দোলনে শামিল হওয়ার পর এধরনের আইনি পদক্ষেপ স্থানীয় মহিলাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের উদ্দেশ্য কোনো ধরনের সংঘাত সৃষ্টি করা নয়। বরং এলাকার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখা, সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা এবং অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণই তাঁদের মূল লক্ষ্য। সেই সঙ্গে মোহনপুরের মদের দোকান স্থানান্তরের দাবিতেও তাঁরা অনড়। এখন স্থানীয় বাসিন্দাদের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। সার্কল অফিসারের আশ্বাসের পর অবৈধ মদ বিক্রির অভিযোগে কী ব্যবস্থা নেওয়া হয় এবং মদের দোকান স্থানান্তরের দাবিতে প্রশাসন কত দ্রুত উদ্যোগী হয়, তা নিয়েই অপেক্ষায় রয়েছেন মোহনপুরের বাসিন্দারা।








