জাতীয় প্রেস দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবের

এখনই শেয়ার করুন:

স্বাধীনতা ততক্ষণই বাস্তব, যতক্ষণ প্রশ্ন করার অধিকার অক্ষুণ্ণ থাকে : অতীন দাশ

চটকদার সাংবাদিকতা ক্ষণস্থায়ী জন-আবেগ উসকে দেয়, দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজ ও রাষ্ট্রকে সঠিক দিশা দেখায় : অধ্যাপক পার্থ সরকার

আজকের বরাক, শিলচর, ১৭ নভেম্বর: সত্যের অনুসন্ধান, নিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবিচল দায়বদ্ধতাই সাংবাদিকতার মূল ভিত্তি। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে চটকদারিত্বের পরিবর্তে দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সাংবাদিকদের আত্মত্যাগ, সাহসিকতা এবং নৈতিক অবস্থানের মধ্য দিয়েই সংবাদ মাধ্যমের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। জাতীয় প্রেস দিবস উপলক্ষে সোমবার শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এভাবেই সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট ও দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন।

এদিন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া নির্ধারিত আলোচনার বিষয় ছিল, ‘জনমোহিনী সাংবাদিকতার ঢক্কা নিনাদে কি হারিয়ে যাচ্ছে দায়িত্বপূর্ণ সাংবাদিকতা?’ বিষয়টির ওপর আলোচনায় অংশ নিয়ে কবি, সাংবাদিক ও চিন্তাবিদ অতীন দাশ বলেন, স্বাধীনতা ততক্ষণই বাস্তব ও অর্থবহ, যতক্ষণ মানুষ প্রশ্ন করার অধিকার ভোগ করে। প্রশ্ন করার স্বাধীনতা এবং সত্য প্রকাশের সাহসই গণতন্ত্রের অন্যতম প্রধান শক্তি। সাংবাদিকদের এই দায়িত্ব পালনে আপসহীন হতে হবে। যাঁরা সংবাদ জগতে কর্মরত, তাঁদের সত্যদ্রষ্টা হয়ে উঠতে হবে। আর সেই সত্যের অনুসন্ধানে প্রয়োজনে বহু ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকতে হবে।

আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক পার্থ সরকার তাঁর বক্তব্যে বলেন, চটকদার সাংবাদিকতা প্রায়শই ক্ষণস্থায়ী জন-আবেগ, ভয় কিংবা ক্ষোভকে উসকে দেয়। অন্যদিকে দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়। সংবাদ মাধ্যমের কাজ কেবল মানুষের আবেগকে প্রভাবিত করা নয়, বরং তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা। তাই সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত নৈতিকতা, নিরপেক্ষতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত।

শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে-ও সাংবাদিকতার নৈতিক দায়িত্ব ও পেশাগত চ্যালেঞ্জের বিভিন্ন দিক তুলে ধরেন। কংগ্রেস নেতা অভিজিৎ পাল বলেন, সাংবাদিকরা সত্য, নিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্য বোধের অবিচল মশাল বাহক। তাঁদের নির্ভীক ও বস্তুনিষ্ঠ ভূমিকা গণতন্ত্রকে শক্তিশালী করে। অন্যদিকে বিজেপি নেতা রূপম নন্দী পুরকায়স্থ তাঁর বক্তব্যে বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণ ও বিভিন্ন বিষয়ে যত্নশীল বলে উল্লেখ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কবি-সাংবাদিক স্মৃতি পাল নাথ, চয়ন ভট্টাচার্য, দেবাশিস পুরকায়স্থ, অনির্বাণ জ্যোতি গুপ্ত, বিশ্বকল্যাণ পুরকায়স্থ, দেবদুলাল মালাকার, সোনালী নাথ, পাপলু দাস, রাহুল দেব, সঞ্জীব সিং, রঘুনন্দন শর্মা মজুমদার, শমীন্দ্র পাল ও সমীরণ চৌধুরী। সমাজকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন কিরণ রাশ ও বাহার আহমেদ চৌধুরী।

বক্তারা তাঁদের বক্তব্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখা এবং জনস্বার্থে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁদের মতে, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্রুত বিস্তারের এই সময়ে সংবাদ পরিবেশনের গতি বাড়লেও তথ্য যাচাই ও দায়িত্বশীলতার প্রশ্নে কোনও আপস করা চলবে না।

সত্য, সাহস ও দায়বদ্ধতার অঙ্গীকারের মধ্য দিয়ে শিলচর প্রেস ক্লাবের জাতীয় প্রেস দিবস উদযাপন সাংবাদিকতার আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

আরও পড়ুন