বাবার হাত বিচ্ছিন্ন করে ছেলেকে হত্যা, লক্ষীপুরের চাঞ্চল্যকর ঘটনায় সাজা ঘোষণা কাছাড় আদালতের
আজকের বরাক, শিলচর, ১৭ নভেম্বর: পুরনো বিবাদের জেরে এক যুবককে খুন এবং তাঁর বাবার হাত ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় অবশেষে সাজা ঘোষণা করল কাছাড়ের আদালত। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে চলা এই মামলায় অভিযুক্ত দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন ফউদার পাশি ও রোশন পাশি। দু’জনেরই বাড়ি কাছাড় জেলার লক্ষীপুরের বরমামদা নন্দটিলায়।
সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৪ এপ্রিল রাতে পুরনো শত্রুতার জেরে প্রতিবেশী টিটুয়া পাশির বাড়িতে ঢুকে তাঁর ওপর ধারালো দা দিয়ে হামলা চালায় দুই অভিযুক্ত। হামলার ফলে টিটুয়ার বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু তাই নয়, তাঁর ২০ বছর বয়সি ছেলে চিনুয়া পাশিকেও গলায় কোপ মেরে হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর পুলিশে মামলা দায়ের হলে তদন্ত শুরু হয়। তদন্তের শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। এরপর শুরু হয় দীর্ঘ বিচার প্রক্রিয়া। প্রায় দেড় দশক ধরে চলা শুনানি ও বিচারিক প্রক্রিয়ার পর গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে আদালত ফউদার পাশি ও রোশন পাশিকে দোষী সাব্যস্ত করে।
অবশেষে সোমবার, কাছাড়ের অতিরিক্ত দায়রা বিচারক তথা ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক কিরণ লাল বৈষ্ণব দুই অভিযুক্তের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও ৩২৬ ও ৪৫৭ ধারায় পৃথক কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।
তবে আদালতের নির্দেশ অনুযায়ী, বিভিন্ন ধারায় দেওয়া সমস্ত সাজা একই সঙ্গে কার্যকর হবে। রায় ঘোষণার পর দণ্ডিত দুই ভাইকে শিলচর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘ ১৫ বছরের আইনি লড়াইয়ের পর আদালতের এই রায়ে অবশেষে বিচার পাওয়ার পথ সুগম হল নিহত চিনুয়া পাশির পরিবারের জন্য।








