আজকের বরাক, শিলচর, ৭ নভেম্বর : প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও কালীপূজা উপলক্ষে শিলচর ও পার্শ্ববর্তী এলাকার সেরা পাঁচটি কালীপূজা কমিটিকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ’।
প্যান্ডেল, প্রতিমা, আলোকসজ্জা, সমাজসেবামূলক কার্যকলাপ ও সামগ্রিক শৃঙ্খলার ভিত্তিতে বিচারকমণ্ডলী বিজয়ীদের নির্বাচন করবেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের পাশাপাশি থাকবে দুটি সান্ত্বনা পুরস্কার। বিজয়ী কমিটিগুলিকে বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মৃতির উদ্দেশ্যে আকর্ষণীয় ট্রফি ও শংসাপত্র প্রদান করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনও প্রবেশমূল্য লাগবে না। আগ্রহী পূজা কমিটিগুলিকে আগামী ৯ নভেম্বরের মধ্যে ইটখলা, শিলচরে ক্লাব সদস্যদের কাছে নিজেদের নাম, ঠিকানা ও যোগাযোগের নম্বর জমা দিতে হবে।
আগামী ২২ নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে। এদিকে, ক্লাবের সভাপতি সঞ্জীব রায় সকলকে আগাম কালীপূজা ও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সুখ, শান্তি ও নিরাপদ উৎসব উদযাপনের কামনা করেছেন।








