প্রয়াত কংগ্রেস নেতা বিধান মুখার্জির পরিবারের পাশে দল, শোক জানাতে বাড়িতে সঞ্জীব রায় ও রাজেশ কুমার সিনহা

এখনই শেয়ার করুন:

আজকের বরাক, শিলচর, ৭ নভেম্বর : প্রাক্তন কংগ্রেস নেতা বিধান মুখার্জির (৫৮) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কংগ্রেস মহলে। প্রয়াত নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটি ও শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রতিনিধিরা।

গত ৫ নভেম্বর বিকেল প্রায় ৫টা নাগাদ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক বিধান মুখার্জি। দীর্ঘদিন ধরে উচ্চমাত্রার ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।

তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করতে সঞ্জীব রায় ও রাজেশ কুমার সিনহা শিলচরের পশ্চিম সিঙ্গারিতে অবস্থিত তাঁর বাসভবনে যান। সেখানে তাঁরা প্রয়াতের স্ত্রী অনিমা মুখার্জি এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁরা আশ্বস্ত করেন, কংগ্রেস দল সর্বদা তাঁদের পাশে থাকবে এবং যেকোনও পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ।

কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচিত বিধান মুখার্জি রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, দুই অনুজ ভ্রাতা ও তাঁদের পরিবারবর্গসহ অসংখ্য বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীকে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন