আজকের বরাক, শিলচর, ৭ নভেম্বর : নতুন সৃজন ও সংবাদ চর্চার প্রত্যয়ে শিলচরে আত্মপ্রকাশ করল ওয়েব নিউজ পোর্টাল ‘বরাক তরঙ্গ’-এর প্রথম বিশেষ শারদীয় পুস্তিকা ‘বরাক তরঙ্গ : শারদ-দৃষ্টি’। শনিবার শিলচরের পেনশনার্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পুস্তিকাটির আনুষ্ঠানিক উন্মোচন করেন ‘মিজোরাম পোস্ট’-এর সম্পাদক বিভূতি ভূষণ গোস্বামী। একই অনুষ্ঠানে পোর্টালের সঙ্গে যুক্ত আটজন সংবাদকর্মীকে সংবর্ধনা জানানো হয়।

বিশিষ্ট সাংবাদিক মিলন উদ্দিন লস্করের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, বার্তাজীবী সংঘের কাছাড় জেলা সভাপতি বিশ্বজিৎ শীল এবং পুস্তিকার সম্পাদক এ.এ. আশু চৌধুরী। তাছাড়াও বর্ষীয়ান সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, দিলু দাস সহ আরো প্রমুখ সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার বিবর্তন, প্রযুক্তির প্রভাবে সংবাদ মাধ্যমের পরিবর্তন এবং ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ার পারস্পরিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তাঁরা।

অনুষ্ঠানের একপর্যায়ে বরাক তরঙ্গের সঙ্গে যুক্ত সাংবাদিক মোহাম্মদ জনি, শমীন্দ্র পাল, দিলোয়ার বড়ভূইয়া, রূপক চক্রবর্তী, নিপ্পু লস্কর, বিশ্বজিৎ আচার্য, দীপ দেব ও রমিজ উদ্দিন লস্করের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।প্রথম শারদীয় পুস্তিকা প্রকাশের মধ্য দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল প্রকাশনার ক্ষেত্রেও নিজেদের পরিসর বিস্তারের বার্তা দিল ‘বরাক তরঙ্গ’।









