আজকের বরাক, শিলচর, ১৪ নভেম্বর : ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদের অভিযোগ এনে, এর প্রতিবাদে শিলচর পুর নিগমের অভিযানে বাধা দিল সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চ। শনিবার হাসপাতাল রোডে পুর নিগমের উচ্ছেদ অভিযান চলাকালীন সংগঠনের সদস্যরা প্রতিবাদে সরব হলে পুলিশ ও তাঁদের মধ্যে বচসা এবং উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতির জেরে শেষ পর্যন্ত অভিযান স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সংগঠনের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে বহু পরিবার জীবিকা নির্বাহ করছে। বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তাঁরা চরম আর্থিক সংকটে পড়বেন। এদিন আইনজীবী সৌমেন চৌধুরী উচ্ছেদ সংক্রান্ত সরকারি নির্দেশের প্রতিলিপি দেখিয়ে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানান। অন্যদিকে, ফুটপাত দখলমুক্ত করে যান চলাচল ও পথচারীদের যাতায়াত স্বাভাবিক রাখতেই এই অভিযান বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযানে বাধা দেওয়ার অভিযোগে সংগঠনের সদস্য প্রসেনজিৎ দেব ও আইনজীবী সৌমেন চৌধুরী-সহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন এবং ফুটপাত উচ্ছেদ নিয়ে শিলচরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।








