শিলচরে জোনাল সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিলেন বরাকের তিন জেলার দুই শতাধিক তরুণ-তরুণী

এখনই শেয়ার করুন:

আজকের বরাক, শিলচর, ২৫ নভেম্বর: বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানালেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম। বুধবার শিলচরের টাউন হাইস্কুলে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ (VBYLD) ২০২৬-এর আঞ্চলিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মারিয়া তানিম বলেন, শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই উন্নত রাষ্ট্রের পরিচয় নয়, দেশের প্রকৃত শক্তি নিহিত রয়েছে তার সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধে। এই ঐতিহ্য সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তরুণ সমাজের। তিনি তরুণ প্রতিযোগীদের নিজেদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রেখে সৃজনশীলতা ও প্রতিভার মাধ্যমে সমাজ এবং দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি—বরাক উপত্যকার তিন জেলা থেকে দুই শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। লোকনৃত্য, লোকসংগীত, পথনাটিকা, চিত্রাঙ্কন ও কবিতা রচনা—এই পাঁচটি বিভাগে প্রতিযোগীরা নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সহকারী আয়ুক্ত মাসি টোপনো, এ সি এস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং অতিথিদের ঐতিহ্যবাহী উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক স্নেহাংশু শেখর রায়, শান্তনু সেনগুপ্ত ও শ্যামেন্দ্র কুমার দেব, টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক জাহিদ হুসেন মজুমদার এবং পরিকল্পনা আধিকারিক সুব্রত নাথ। বিচারকমণ্ডলীতে ছিলেন পণ্ডিত অমরেন্দ্র চক্রবর্তী, মধুমিতা ভট্টাচার্য, বিশ্বতোষ নাথ, সুপ্রতীক দত্ত রায়, সুব্রত ভট্টাচার্য ও নীলাঞ্জন পাল।

আসাম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয়, শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন