আজকের বরাক, শ্রীভূমি, ২৫ অক্টোবর : শ্রীভূমি (করিমগঞ্জ) জেলার ঐতিহ্যবাহী উজানডিহি পুরান ছাহেব বাড়ি দরগাহ শরীফে আগামী ২ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে পবিত্র ১২৭তম ইসালে সাওয়াব মাহফিল। এই ধর্মীয় অনুষ্ঠানকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করে তুলতে রবিবার, ২৫ অক্টোবর, দরগাহ প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উজানডিহি পুরান ছাহেব বাড়ির বর্তমান পীর হযরত শাহ সূফি সায়্যিদ মুশতাক আহমদ মাদানী আল-হুসাইনী ছাহেব। আগামী বছরের মাহফিলকে ঘিরে বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ এবং দায়িত্ব বণ্টনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আয়োজিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এই পবিত্র মাহফিল। এতে পবিত্র কুরআন শরীফ খতম, খতমে বুখারী শরীফ, খতমে দালাইলুল খায়রাত শরীফ ও খতমে খাজেগান শরীফ পাঠের পাশাপাশি উলামায়ে কেরামদের বিষয়ভিত্তিক ওয়াজ-নসিহত, জিকির মাহফিল, মিলাদ শরীফ, বিশেষ দোয়া ও মোনাজাত এবং শিরনি বিতরণের কর্মসূচি রাখা হয়েছে।
সভায় মাহফিলের কর্মসূচি চূড়ান্ত করা, আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণ জানানো, স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অনুষ্ঠান পরিচালনার বিভিন্ন দায়িত্ব সুষ্ঠুভাবে বণ্টনের বিষয়ে মতবিনিময় হয়। মাহফিলের প্রতিটি পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এদিনের সভায় উপস্থিত সকলে মাহফিলের সার্বিক সফলতা নিশ্চিত করতে আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দেন। সম্মিলিত উদ্যোগ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে এই ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠানকে সফল করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে সভাপতি হযরত শাহ সূফি সায়্যিদ মুশতাক আহমদ মাদানী আল-হুসাইনী ছাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে ১২৭তম ইসালে সাওয়াব মাহফিলের সার্বিক সাফল্য, শান্তিপূর্ণ আয়োজন এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।








