আজকের বরাক, শ্রীভূমি, ২৫ অক্টোবর: শ্রীভূমি জেলায় বিহু দলের শিল্পীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। অসমের আত্মসম্মান, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক বিহুর প্রতি কোনও ধরনের অপমান বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে তিনি ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য অসম পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীভূমিতে বিহু দলের ওপর হামলার খবর অত্যন্ত উদ্বেগজনক ও দুর্ভাগ্যজনক। বিহুকে অসমের আত্মা, গৌরব ও পরিচয় হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করে দেন যে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অসম্মান কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, শ্রীভূমি জেলায় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বিহু পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো একটি বিহু দলের শিল্পীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অনুষ্ঠান চলাকালীন দলের সদস্যদের সঙ্গে একাংশের লোকের প্রথমে বাক্বিতণ্ডা হয়। পরে শিল্পীদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন বিহু শিল্পী আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর পুলিশ হিন্দুস্তান ক্লাবের ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছিল বলে জানা গেছে। তবে পরবর্তী সময়ে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয় বলে সূত্রের খবর। এই ঘটনায় বিহু দলের পক্ষ থেকেও পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, ঘটনার তদন্ত অব্যাহত রেখে পুলিশ প্রতিমা বহনকারী ট্রাক, শব্দব্যবস্থা এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তদন্ত কোন দিকে এগোয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার বিষয়।








