আজকের বরাক, পাঁচগ্রাম, ২৫ অক্টোবর: রাজ্যে ফের ‘লাভ জিহাদ’-এর ঘটনা। হিন্দু পরিচয় দিয়ে এক তরুণীকে প্রতারণার অভিযোগ উঠেছে। নিজের ধর্মীয় পরিচয় গোপন করে এক হিন্দু তরুণীর সঙ্গে সম্পর্ক স্থাপন এবং পরে তাঁকে বিয়ে করার চেষ্টা চালানোর অভিযোগে কাছাড় জেলার কাটিগড়ার কলাছড়ি গ্রামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে কাছাড় ও হাইলাকান্দি জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, কাটিগড়ার কলাছড়ি গ্রামের সুরমানুল হক নামের ওই যুবক নিজের পরিচয় গোপন করে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানার অন্তর্গত ঠাণ্ডাপুর এলাকার এক হিন্দু তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তী সময়ে ওই তরুণীকে বিয়ে করার চেষ্টাও চালান বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্ত শুরু হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত রাতে কাছাড়ের বিহারা এলাকা থেকে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দিক খতিয়ে দেখে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। তাঁদের মতে, ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত সত্য প্রকাশ্যে আনতে পুলিশের নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। তবে অভিযুক্ত সুরমানুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা এখনও প্রমাণিত হয়নি। পুলিশের তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।








