বড়খলা-ধলাইয়ে ১১.৩২ কোটি টাকার পাঁচ সড়ক প্রকল্পের সূচনা, উন্নত হবে গ্রামীণ যোগাযোগ

এখনই শেয়ার করুন:

দীপ দেব, শিলচর, ৯ অক্টোবর : গ্রামীণ এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাছাড় জেলার বড়খলা ও ধলাই বিধানসভা কেন্দ্রে পাঁচটি নতুন সড়ক প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা (PMGSY-IV)-এর ২০২৫–২৬ অর্থবর্ষের ব্যাচ-I-এর অধীনে এই প্রকল্পগুলির জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১১ কোটি ৩১ লক্ষ ৮৩ হাজার ৭৪০ টাকা। শুক্রবার শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রকল্পগুলির শিলান্যাস করেন।

এই প্রকল্পগুলির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার গ্রামীণ সড়ক যোগাযোগ আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতেও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কৃষিকাজ এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত মানুষের জন্য উন্নত সড়ক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন সাংসদ।

শিলান্যাস করা পাঁচটি সড়ক প্রকল্পের মধ্যে রয়েছে ক্লেভারহাউস পার্ট-I থেকে ধর্মখাল পানিভোরা, কৃষ্ণপুর থেকে বিনয় পুঞ্জি, চন্দ্রপুর থেকে মনিয়েরখাল টি এস্টেট, ভুবান্দার জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা থেকে নাগা পুঞ্জি এবং ভুবান্দার পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে টুপিধর পার্ট-I পর্যন্ত সড়ক নির্মাণের কাজ। প্রকল্পগুলির কয়েকটিতে ক্রস-ড্রেনেজ নির্মাণের কাজও অন্তর্ভুক্ত রয়েছে, যা সড়কের জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য জানান, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে মূল যোগাযোগ ব্যবস্থার সংযোগ আরও মজবুত করা সম্ভব। পাশাপাশি, কাছাড় জেলার আরও কয়েকটি সড়ক প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ, ধলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাস, পূর্ত বিভাগের ধলাই–সোনাই টেরিটোরিয়াল রোড বিভাগের নির্বাহী অভিযন্তা বনজিৎ অধিকারী-সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, দলীয় কার্যকর্তা এবং স্থানীয় নাগরিকরা।

পাঁচটি সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট গ্রামীণ এলাকাগুলির যোগাযোগ ব্যবস্থায় কতটা পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর থাকবে স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন