মাত্র ১১ মাসে কোরান হিফজ, ১৫ বছরের আফসরকে সংবর্ধনা উধারবন্দ ইসলামিয়া মাদ্রাসায়

এখনই শেয়ার করুন:

 

আজকের বরাক, উধারবন্দ, ২৭ অক্টোবর : মাত্র ১১ মাসে পবিত্র কোরান শরিফের সম্পূর্ণ হিফজ সম্পন্ন করে বিশেষ কৃতিত্বের নজির গড়ল ১৫ বছর বয়সী আফসর হোসেন চৌধুরী। তাঁর এই অসামান্য সাফল্যে গর্বিত পরিবার ও উধারবন্দ ইসলামিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ। কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ মাদ্রাসার পক্ষ থেকে সম্প্রতি তাঁকে সংবর্ধনা জানানো হয়।

দয়াপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা খসরুজ্জামান চৌধুরী ওরফে সেবুলের পুত্র আফসরকে সংবর্ধনা অনুষ্ঠানে গামছা পরিয়ে সম্মান জানান মাদ্রাসা কমিটির সভাপতি সেলিম আহমেদ লস্কর। পাশাপাশি, কমিটির পক্ষ থেকে গোঁসাইপুর জিপির প্রাক্তন সভাপতি রাহুল বড়লস্কর তাঁর হাতে গামছা ও একটি পবিত্র কোরান শরিফ তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সদস্য, বিশিষ্ট আলেম-উলামা, আফসরের বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা। গুয়াহাটিতে অবস্থানরত মাদ্রাসার সম্পাদক নোমান উদ্দিন চৌধুরী ফোনে আফসরের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি জানান, আগামী ২৭ ডিসেম্বর মাদ্রাসার বার্ষিক এনামি জলসায় আফসরকে আরও বৃহত্তর পরিসরে সংবর্ধনা জানানো হবে।

মাদ্রাসার হেড মওলানা নিজাম উদ্দিনের বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন