হাইলাকান্দি সিভিল হাসপাতালে বাড়ছে চিকিৎসক-নার্স, এবছরই চালুর লক্ষ্যে মাতৃ ও শিশু পরিচর্যা ইউনিট

এখনই শেয়ার করুন:

হিবজুর রহমান বড়ভূঁইয়া, আজকের বরাক, হাইলাকান্দি, ২৭ অক্টোবর : জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে চিকিৎসক ও নার্সের সংখ্যা দ্রুত বাড়ানোর আশ্বাস দিলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবা সম্প্রসারণে একাধিক পদক্ষেপের কথা জানান তিনি।

বরাক উপত্যকায় সরকারি উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে হাইলাকান্দি সফরে এসে হাসপাতালের ব্লাড ব্যাংক, আইসিইউ এবং নির্মীয়মাণ ১০০ শয্যাবিশিষ্ট মা ও শিশু পরিচর্যা ইউনিট ঘুরে দেখেন মন্ত্রী। চলতি বছরের মধ্যেই নতুন ইউনিটটির নির্মাণকাজ সম্পন্ন করে পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এটি চালু হলে জেলার মা ও শিশুদের চিকিৎসায় বিশেষ সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক সিংহল বলেন, তুলনামূলকভাবে বিচ্ছিন্ন জেলা হওয়া সত্ত্বেও গত কয়েক বছরে হাইলাকান্দির স্বাস্থ্য পরিষেবায় উন্নতি হয়েছে। তবে হাসপাতালকে পূর্ণ সক্ষমতায় পরিচালনা করতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের প্রয়োজন। সেই ঘাটতি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। পরে জেলা শাসকের কার্যালয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠকে স্বাস্থ্য পরিষেবা-সহ জেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

সফরে তাঁর সঙ্গে ছিলেন জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রাই, বিধায়ক ডঃ মিলন দাস ও বিজয় মালাকার, জেলা শাসক জয় বিকাশ, সাংসদ কৃপানাথ মাল্লা, বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন