বাল্য বিবাহবিরোধী অভিযানে অসমে ১৬২ জন গ্রেফতার, কাছাড়ে ২৭ ও হাইলাকান্দিতে ১৪

এখনই শেয়ার করুন:

 

আজকের বরাক, শিলচর, ২৮ অক্টোবর: বাল্য বিবাহের বিরুদ্ধে ফের বড়সড় অভিযান চালাল অসম পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় সমন্বিত অভিযান চালিয়ে মোট ১৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধুবড়ি জেলায় সর্বাধিক ৬২ জন এবং গোয়ালপাড়া জেলায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। বরাক উপত্যকাতেও এই অভিযানের প্রভাব পড়েছে। কাছাড় জেলায় ২৭ জন এবং হাইলাকান্দিতে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কাছাড় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাল্য বিবাহের অভিযোগে অভিযুক্তদের আটক করা হয়। জেলার সোনাই এলাকাতেও একযোগে একাধিক স্থানে হানা দেয় পুলিশের দল। সেখান থেকে ১০ জনকে গ্রেফতার করে সোনাই থানায় নিয়ে আসা হয়। এ ছাড়া কাটিগড়া এলাকা থেকেও দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে।

অন্যদিকে, হাইলাকান্দি জেলায় গত রাতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার মোট ন’টি মামলার ভিত্তিতে বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সূত্রের খবর, ধৃতদের মধ্যে আটজনকে বাল্য বিবাহের ঘটনায় ‘অবৈধ স্বামী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তথ্য অনুযায়ী, হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানা এলাকা থেকে দুজন, হাইলাকান্দি সদর থানা এলাকা থেকে আটজন, লালা থানা এলাকা থেকে তিনজন এবং রামনাথপুর থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে সমন্বিতভাবে এই অভিযান চালানো হয়।

আগেও একাধিক দফায় অভিযান

উল্লেখ্য, বাল্য বিবাহ নির্মূলের লক্ষ্যে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অসম জুড়ে বড়সড় অভিযান চালিয়েছিল রাজ্য পুলিশ। ওই দফায় হাইলাকান্দি জেলা থেকে ৭৯ জনকে গ্রেফতার করা হয়। পরে একই বছরের আগস্টে দ্বিতীয় দফার অভিযানে অবৈধ স্বামী ও কাজি-সহ আরও ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছিল।

বাল্য বিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে ফের রাজ্যজুড়ে পুলিশের এই অভিযান প্রশাসনের তৎপরতাকে সামনে এনেছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। সাম্প্রতিক এই গ্রেফতারির ঘটনায় সংশ্লিষ্ট জেলাগুলিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন