আজকের বরাক, গুয়াহাটি, ২৭ অক্টোবর : অসমের রাজধানী গুয়াহাটির লাচিত নগরের বরা সার্ভিস এলাকায় অবস্থিত হোটেল বিলাস ইনে ভয়াবহ গুলিচালনার ঘটনায় এখনও পর্যন্ত দুই মহিলাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন গুয়াহাটি মহানগর পুলিশের কমিশনার ড. পার্থ সারথি মহন্ত। নিহতদের মধ্যে নারায়ণ দাস নামে এক ব্যক্তির গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে। অন্যদিকে, সত্যেন্দ্র পাঠক নামে আরও এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
কী কারণে এই গুলিচালনার ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।








